• ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ঢাকা ইউনাইটেড ও শিশু-কিশোর জিতেছে

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ হকি লিগে আজ ১৩ অক্টোবর অনুষ্ঠিত দুটি ম্যাচেই জয় পেয়েছে হকি ঢাকা ইউনাইটেড ও শিশু-কিশোর সংঘ। প্রথম ম্যাচে ঢাকা ইয়ং স্টারকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা ইউনাইটেড। দিনের দ্বিতীয় ম্যাচে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে শিশু-কিশোর সংঘ।

ঢাকা ইউনাইটেড ৬-১ ঢাকা ইয়ং স্টার

দিনের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে ঢাকা ইয়ং স্টারের বিপক্ষে আধিপত্য বিস্তার করে ঢাকা ইউনাইটেড। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথ অনেকটাই সহজ করে নেয় দলটি। ম্যাচে নাজমুল সাবিত মাহমুদ একাই করেন দুটি ফিল্ড গোল।

ঢাকা ইউনাইটেডের হয়ে একটি করে ফিল্ড গোল করেন মো. রিফাত, রাজীব দাস ও আশরাফুল আলম। পেনাল্টি কর্নার থেকে দলের হয়ে আরেকটি গোল করেন মো. রামিম হোসেন। ম্যাচের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে ঢাকা ইয়ং স্টারের হয়ে একমাত্র গোলটি করেন ইলিয়াস।

শিশু-কিশোর সংঘ ২-০ কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব

দিনের দ্বিতীয় ম্যাচে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেতে অপেক্ষা করতে হয়েছে শিশু-কিশোর সংঘকে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে বিরতির পর দুটি ফিল্ড গোল করে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে শিশু-কিশোর।

দলের হয়ে প্রথম গোলটি করেন মো. রাব্বি। পরে মো. তাহসানের আরেকটি ফিল্ড গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় শিশু-কিশোর সংঘের।

আগামীকালের খেলা

প্রথম বিভাগ হকি লিগে আগামীকাল ১৪ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ২০ মিনিটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়ারী ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। বেলা ৩টা ১৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে খেলবে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

Rent for add