নিজস্ব প্রতিবেদক : ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১৮:২৬:৩৭

দীর্ঘ তিন বছর পর আবারও মাঠে গড়াল ঘরোয়া হকির প্রথম বিভাগ লিগ। আজ ১০ অক্টোবর শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান ঘরোয়া হকি লিগ ধারাবাহিকভাবে আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করায় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের হকির উন্নয়ন ও ঘরোয়া লিগের ধারাবাহিকতা বজায় রাখতে হকি ক্লাব এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
খেলোয়াড়দের উদ্দেশে ফেয়ার প্লে ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হকি খেলার নির্দেশনা দেন বিমানবাহিনী প্রধান। পরে তিনি লিগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এবারের প্রথম বিভাগ হকি লিগে অংশ নিচ্ছে ১১টি ক্লাব। দলগুলো হলো—ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব, কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শিশু-কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, রায়েরবাজার স্পোর্টিং ক্লাব ও ঢাকা ইয়াং স্টার ক্লাব।
দীর্ঘ বিরতির পর ঘরোয়া হকির মাঠে খেলা ফেরায় খেলোয়াড় ও হকিপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মিত লিগ আয়োজনের মধ্য দিয়ে খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা বাড়বে এবং দেশের হকির উন্নয়ন ত্বরান্বিত হবে।
Rent for add