নিজস্ব প্রতিবেদক : ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১৮:৩৯:২৪

তিন বছর পর মাঠে ফেরা প্রথম বিভাগ হকি লিগে জয় দিয়ে শুরু করেছে ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাব। উদ্বোধনী দিনের ম্যাচে ঢাকা ইয়াং স্টার ক্লাবকে ৬–৩ গোলে হারিয়েছে তারা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ ১০ অক্টোবর শনিবার অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ৩–২ গোলে এগিয়ে ছিল ওয়ারী।
দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ব্যাচেলর স্পোর্টিং ক্লাবের লড়াই হয়েছে সমানে সমান। ৩–৩ গোলে ড্র হওয়া ম্যাচের প্রথমার্ধে ৩–১ গোলে এগিয়ে ছিল ফরাশগঞ্জ। তবে বিরতির পর ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ব্যাচেলর স্পোর্টিং ক্লাবের ঘুরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
এবারের প্রথম বিভাগ হকি লিগে অংশ নিচ্ছে ১১টি ক্লাব। দলগুলো হলো—ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব, কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলর স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শিশু-কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, রায়েরবাজার স্পোর্টিং ক্লাব ও ঢাকা ইয়াং স্টার ক্লাব।
দীর্ঘ তিন বছর পর ঘরোয়া হকির মাঠে লিগ ফেরায় খেলোয়াড় ও হকিপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। উদ্বোধনী দিনের দুই ম্যাচের একটিতে ওয়ারীর জয় এবং অন্যটিতে ড্র দিয়ে শুরু হলো এবারের প্রতিযোগিতা।
Rent for add