• ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

গোলবন্যায় ভাসল রায়েরবাজার

প্রথম বিভাগ হকি লিগের দ্বিতীয় দিনে গোলবন্যায় ভাসল মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। আজ ১১ অক্টোবর অনুষ্ঠিত দুটি ম্যাচে হয়েছে মোট ২৩ গোল। দিনের দ্বিতীয় ম্যাচে রায়েরবাজার স্পোর্টিং ক্লাবকে ১৫–০ গোলে উড়িয়ে দিয়েছে হকি ঢাকা ইউনাইটেড। একতরফা লড়াইয়ে প্রথমার্ধেই ৮–০ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল।

দিনের প্রথম ম্যাচেও ছিল গোলের ছড়াছড়ি। মুক্ত বিহঙ্গ তরুণ সংঘকে ৭–১ গোলে হারিয়েছে শিশু-কিশোর সংঘ। প্রথমার্ধে ৩–১ গোলে এগিয়ে থেকে বিরতির পর আরও চারটি গোল করে ব্যবধান বাড়ায় শিশু-কিশোর সংঘ।

দীর্ঘ তিন বছর পর মাঠে ফেরা এই লিগের দ্বিতীয় দিনেই বড় ব্যবধানের দুই জয় প্রতিযোগিতায় এনে দিয়েছে গোলের উত্তাপ। বিশেষ করে হকি ঢাকা ইউনাইটেডের ১৫ গোলের জয় দিনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে।

এবারের প্রথম বিভাগ হকি লিগে অংশ নিচ্ছে ১১টি ক্লাব। দলগুলো হলো—ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব, কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শিশু-কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, রায়েরবাজার স্পোর্টিং ক্লাব ও ঢাকা ইয়াং স্টার ক্লাব।

 

Rent for add