নিজস্ব প্রতিবেদক : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১১:৩৪:৫০

পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে আলো ছড়াল নারী হকি। উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি স্টেডিয়ামে শেষ হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর প্রথম ধাপ। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ এই কর্মসূচি বুধবার, ১ অক্টোবর সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন রিফাতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. নজরুল ইসলাম, ব্র্যাক ব্যাংক খাগড়াছড়ি শাখার রিস্ক ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন, বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক মো. তারিক উজ্জামান নান্নু, জেলা ক্রীড়া সংস্থার গভর্নিং বডির সদস্য মাদল বড়ুয়া এবং জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ।
তৃণমূল থেকে নারী হকির নতুন খেলোয়াড় তুলে আনা এবং বিদ্যমান খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোই এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল লক্ষ্য। পাহাড়ি জেলা খাগড়াছড়ির পাশাপাশি কর্মসূচির আওতায় রয়েছে বান্দরবান, রাঙামাটি, সিলেট, নেত্রকোনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে অতিথিরা তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসারে বাংলাদেশ হকি ফেডারেশন ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, দেশের বিভিন্ন প্রান্তে এমন কর্মসূচি ছড়িয়ে দেওয়া গেলে নারী হকিতে প্রতিভা অন্বেষণের পাশাপাশি তৈরি হবে নতুন খেলোয়াড়ের সম্ভাবনাময় একটি পাইপলাইন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নারী খেলোয়াড়দের হাতে হকি খেলার বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। মাঠের অনুশীলন, উৎসাহ আর নতুন স্বপ্ন নিয়ে খাগড়াছড়িতে শেষ হলো নারী হকির এই আয়োজন।
নিজস্ব প্রতিবেদক
Rent for add