নিজস্ব প্রতিবেদক : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১১:৩৫:০৬

শেষ পর্যন্ত লড়াইটা গড়াল টাইব্রেকারে। সেখানে স্নায়ুর চাপ সামলে সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস হকিতে নবম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুক্রবার ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ২-১ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই একের পর এক আক্রমণ চালালেও প্রথম সাফল্য আসে বাংলাদেশের। ১০ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া।
গোলের পরও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। তবে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তাপ আরও বাড়ে। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে যেতে হয় বাংলাদেশের লিমা আক্তারকে। একজন কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগায় সিঙ্গাপুর। দুই মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান তৌ লি মিন।
১-১ সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে নির্ধারিত সময়ের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয়-পরাজয়ের ফয়সালা করতে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
সেখানেই বাংলাদেশের মেয়েদের দৃঢ়তা। স্নায়ুচাপের মুহূর্তে নিজেদের ঠান্ডা রেখে ২-১ ব্যবধানে সিঙ্গাপুরকে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে এশিয়ান গেমস হকিতে নবম স্থান নিয়ে আসর শেষ করল বাংলাদেশের মেয়েরা।
Rent for add