নিজস্ব প্রতিবেদক : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৫:০৯:০৯

পাকিস্তান খেলছে না, সেই সুযোগে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। রিজার্ভ তালিকা থেকে উঠে এসে এবার এশিয়ার সেরা ছয় দলের সঙ্গে লড়াইয়ের সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। বাংলাদেশের হকির জন্য এটি যেমন বড় প্রাপ্তি, তেমনি নিজেদের সামর্থ্য প্রমাণেরও এক কঠিন পরীক্ষা।
আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। জালন্ধর ও মোহালিতে বসবে প্রতিযোগিতার আসর। পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি পাকিস্তান ও ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনেও উঠে এসেছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সূত্রে জানা গেছে, ভারতে খেলতে যেতে রাজি নয় পাকিস্তান। দেশটি তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধে সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে তারা। পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে খেলার প্রস্তাব দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন।
শুরুতে বাংলাদেশকে রাখা হয়েছিল রিজার্ভ দল হিসেবে। বিকল্প তালিকায় ছিল ওমানও। কোনো দল সরে দাঁড়ালে যাতে ছয় দল নিয়ে প্রতিযোগিতা আয়োজন করা যায়, সে পরিকল্পনার অংশ হিসেবেই রাখা হয়েছিল তাদের। শেষ পর্যন্ত সেই সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।
এবারের আসরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, জাপান, চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। শক্তিশালী এই দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি নিজেদের সামর্থ্য যাচাইয়েরও বড় মঞ্চ হয়ে উঠতে পারে।
টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো হবে জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। এরপর নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব হকিতেও দীর্ঘদিন ধরে পড়েছে। ২০০৮ সালের পর দুই দেশ কোনো দ্বিপক্ষীয় হকি সিরিজে মুখোমুখি হয়নি। যদিও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের দেখা হয়েছে। পাকিস্তানের মাটিতে ভারতের সর্বশেষ সিরিজ হয়েছিল ২০০৬ সালে।
পাকিস্তানের সরে দাঁড়ানোয় বাংলাদেশের সামনে খুলেছে এশিয়ার শীর্ষ পর্যায়ে নিজেদের প্রমাণের দরজা। এখন সেই সুযোগ কাজে লাগিয়ে মাঠের লড়াইয়ে কতটা এগোতে পারে বাংলাদেশ, সেটিই দেখার অপেক্ষা।
Rent for add