• ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে শুরু নারী হকির দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ

তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসার ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে জয়পুরহাটে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর দ্বিতীয় ধাপ। জয়পুরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বাছাইকৃত ২০ জন প্রতিভাবান নারী হকি খেলোয়াড় অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. গোলজার হোসেন। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম। বক্তব্যে তিনি নারীদের ক্রীড়াঙ্গনে এগিয়ে আসার প্রশংসা করেন এবং এ উদ্যোগের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান ও সাবেক হকি খেলোয়াড় মো. এন এম মনজুরুল মুরশেদ রিপন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের পাঠানো জার্সি ও হকি স্টিক বিতরণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এক মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে সনদ দেওয়া হবে। তৃণমূল পর্যায়ে নারী হকির ভিত্তি শক্তিশালী করা এবং নতুন প্রতিভা তুলে আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Rent for add