নিজস্ব প্রতিবেদক : ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৩:৫৮:২৪

তৃণমূল থেকে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় খুঁজে বের করা এবং দেশের নারী হকিকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’। ব্র্যাক ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ঢাকা জেলার এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল। প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির সিএসআর, রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার (কমিউনিকেশন) রামিসা তাবাসসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক তারকা খেলোয়াড় প্রতাপ শংকর হাজরা এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কবির উদ্দিন সরকার।
দেশব্যাপী চলমান ‘অপরাজেয় আলো’ উদ্যোগের অংশ হিসেবে ঢাকা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাব থেকে বাছাই করা ২০ জন প্রতিভাবান নারী খেলোয়াড় এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছেন। উদ্বোধন শেষে অতিথিরা খেলোয়াড়দের মধ্যে জার্সি, হকি স্টিক ও অন্যান্য প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
অভিজ্ঞ ও দক্ষ কোচদের তত্ত্বাবধানে পরিচালিত এই নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে আধুনিক হকি কৌশল, শারীরিক সক্ষমতা ও ম্যাচ টেম্পারামেন্ট উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জাতীয় নারী হকি দলের ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির পাইপলাইন শক্তিশালী করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
Rent for add