নিজস্ব প্রতিবেদক : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৩৯:৫০

অবশেষে তিন বছর পর আবারও মাঠে গড়াচ্ছে ঘরোয়া হকির প্রথম বিভাগ লিগ। আগামী ১০ অক্টোবর থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে এ আসর। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরায় লিগটি ঘিরে হকি অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।
প্রথম বিভাগ হকি লিগের সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে জানাতে আজ ৮ অক্টোবর বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রথম বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্মসম্পাদক আশরাফুল আলম বাবলু এবং আম্পায়ার্স বোর্ডের সম্পাদক নাজিরুল ইসলাম নাজু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রথম বিভাগ হকি লিগে অংশ নেবে ১১টি ক্লাব। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার খেলা। দীর্ঘদিন পর মাঠে ফেরায় প্রতিটি দলের কাছেই এটি নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি পরবর্তী মৌসুমের জন্য অবস্থান শক্ত করার সুযোগ।
লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি পাবে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার সুযোগ। অর্থাৎ প্রথম বিভাগ থেকে একটি দল পরবর্তী মৌসুমে দেশের শীর্ষ স্তরের ঘরোয়া হকি প্রতিযোগিতা প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলকে অবনমনের মুখে পড়তে হবে।
তিন বছর পর প্রথম বিভাগ লিগ মাঠে ফেরায় প্রতিযোগিতাটি শুধু ক্লাবগুলোর জন্যই গুরুত্বপূর্ণ নয়, দেশের ঘরোয়া হকির ধারাবাহিকতা ফেরাতেও এর গুরুত্ব রয়েছে। দীর্ঘদিন লিগ না হওয়ায় খেলোয়াড়দের নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ সীমিত ছিল। ফলে প্রথম বিভাগ লিগের আয়োজন নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড়দের নিজেদের মেলে ধরারও একটি বড় মঞ্চ তৈরি করবে।
হকি ফেডারেশনের কর্মকর্তারা আশা করছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লিগের মধ্য দিয়ে ক্লাব পর্যায়ে খেলোয়াড়দের প্রতিযোগিতার অভিজ্ঞতা বাড়বে এবং ভবিষ্যতে জাতীয় দলের জন্য নতুন খেলোয়াড় উঠে আসার পথও তৈরি হবে।
১০ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে সেই অপেক্ষার অবসান। দীর্ঘ বিরতির পর ঘরোয়া হকির মাঠে ফিরছে প্রথম বিভাগ লিগ—এখন অপেক্ষা প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছড়ানোর।
Rent for add