নিজস্ব প্রতিবেদক : ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৯:০৫:১১

তৃণমূল থেকে নারী হকির নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়ে রাঙামাটিতে মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পের প্রথম পর্ব শেষ হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম–২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী হকির বিস্তার ঘটানো এবং সেখান থেকে সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে বের করা। রাঙামাটি পার্বত্য জেলায় মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে প্রধান কোচের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ হকি কোচ বেলাল হোসেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন রেফাতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলার জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক মো. তারিক উজ্জামান নান্নু, রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের শেখ সালমান, ব্র্যাক ব্যাংক রাঙামাটি জেলার ম্যানেজার লিটন কান্তি দাস এবং সাবেক জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণার্থী নারী খেলোয়াড়দের হাতে হকি সরঞ্জাম তুলে দেন অতিথিরা। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা এসব তরুণ খেলোয়াড়ের হাতে সরঞ্জাম তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় মাসব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান নারী খেলোয়াড়দের সুযোগ ও সঠিক প্রশিক্ষণ দিতে পারলে জাতীয় হকি দলের জন্য তৈরি হতে পারে নতুন একদল খেলোয়াড়। রাঙামাটির এই ক্যাম্প থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় নারী হকি দলকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
দেশের নারী হকিকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই পরিচালিত হচ্ছে ‘অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম–২০২৬’। রাঙামাটিতে প্রথম পর্বের সফল সমাপ্তির মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলে নারী হকির নতুন সম্ভাবনার দুয়ার আরও খানিকটা খুলল।
Rent for add