নিজস্ব প্রতিবেদক : ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭:৫২:২৩

অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশের ছেলেরা। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে হারের পর কাঙ্ক্ষিত এই জয় শুধু পয়েন্টের খাতাই খুলে দেয়নি, একই সঙ্গে বিশ্বকাপ খেলার স্বপ্নও বাঁচিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ ৮ সেপ্টেম্বর শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই কাজাখস্তানকে চাপে রেখে একের পর এক আক্রমণ শানায় তারা। দারুণ সমন্বিত পারফরম্যান্সের ফল হিসেবে কাজাখস্তানের জালে চারবার বল পাঠায় বাংলাদেশের যুবারা। দলের হয়ে একটি করে গোল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।
টানা দুই ম্যাচের হারে কিছুটা চাপে থাকা বাংলাদেশ আজ শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসী। আক্রমণভাগের ধারালো পারফরম্যান্সের পাশাপাশি রক্ষণভাগও দেখিয়েছে দৃঢ়তা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। ফলে কাজাখস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।
সেই সুযোগটি দারুণভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে আসরে প্রথম পয়েন্টের দেখা পাওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে দলটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, টুর্নামেন্টের পরবর্তী লড়াইয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনাও ধরে রাখল বাংলাদেশ।
কাজাখস্তানের বিপক্ষে এই জয় তাই শুধুই তিন পয়েন্টের হিসাব নয়; এটি টানা দুই হারের পর বাংলাদেশের যুবার ঘুরে দাঁড়ানোর বার্তাও।
Rent for add