নিজস্ব প্রতিবেদক : ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২৩:৪৭:৪৪

শুরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। চ্যাম্পিয়নস ট্রফি হকির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গত মাসে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এক মাসের ব্যবধানে দুই ম্যাচে ২৩ গোল হজম করায় দলের পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ভারত এশিয়ার অন্যতম শক্তিশালী হকি দল। তাদের বিপক্ষে বাংলাদেশের হার অপ্রত্যাশিত নয়। তবে অতীতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও লড়াইয়ের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। এবার এক মাসের ব্যবধানে দুই ম্যাচে বড় ব্যবধানে হার সেই লড়াকু মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলার ধরন হতাশ করেছে সাবেক হকি খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক সদস্য তারেক আদেলকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করে তিনি লেখেন, ‘আমরা কবে বলতে শিখব যে, আমরাও বাংলাদেশ, ছেড়ে কথা বলব না।’
ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে ভারত। প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে থাকে স্বাগতিকেরা। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ভারত, এ সময়ে তারা গোল করে তিনটি। শেষ কোয়ার্টারে বাংলাদেশের জালে আরও চারবার বল পাঠায় ভারত। শেষ পর্যন্ত ১৩ গোলের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে এশিয়ার ছয়টি দল। এশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশ পাকিস্তানের সরে দাঁড়ানোর কারণে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় তাদের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় বাংলাদেশকে।
এশিয়ান গেমসে ষষ্ঠ স্থান অর্জনের লক্ষ্য নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয় দলটি। এরপরও চ্যাম্পিয়নস ট্রফিতে জার্মান কোচ গেরহার্ড পিটারের ওপরই আস্থা রেখেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এখন পরবর্তী ম্যাচগুলোতে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই দেখার বিষয়।
Rent for add