• ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ জুনিয়র হকির নতুন কোচ বোনেট

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ কোচ জাইলস বোনেট (Giles Bonnet)। আসন্ন অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ ২০২৬ সামনে রেখে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

বুধবার বাংলাদেশ হকি ফেডারেশনে এক অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক এবং জাইলস বোনেটের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্মসম্পাদক আরিফুল হক প্রিন্স এবং কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন।

চুক্তি অনুযায়ী অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি ক্যাম্প শুরু থেকে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বোনেট। তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে গড়ে তোলা এবং প্রতিযোগিতায় দলকে সেরা প্রস্তুতি দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।

আন্তর্জাতিক হকিতে তিন দশকেরও বেশি সময়ের কোচিং অভিজ্ঞতা রয়েছে জাইলস বোনেটের। তিনি ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বেলজিয়াম পুরুষ জাতীয় হকি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৮ বেইজিং অলিম্পিকে রৌপ্যপদকজয়ী চীন নারী হকি দলের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় ও এলিট পর্যায়ের দল নিয়ে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে তার।

বাংলাদেশ হকি ফেডারেশনের বিশ্বাস, আন্তর্জাতিক অঙ্গনে সমৃদ্ধ অভিজ্ঞতাসম্পন্ন এই কোচের অধীনে অনূর্ধ্ব-২০ দল আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক হকির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে। পাশাপাশি আসন্ন জুনিয়র এশিয়া কাপে দলটি প্রত্যাশিত সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ফেডারেশনের কর্মকর্তারা।

বাংলাদেশ হকিতে বিদেশি কোচ নিয়োগের ধারাবাহিকতায় জাইলস বোনেটের অন্তর্ভুক্তিকে ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ফেডারেশন। তরুণ খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, কৌশলগত প্রস্তুতি এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে দেশের জুনিয়র হকিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Rent for add