• ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে শেষ হলো অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম

নারী হকির উন্নয়ন ও তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শেষ হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান এ সময় বক্তারা নারী হকির বিস্তার, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।

নারী হকিতে অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে এ ধরনের উন্নয়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা। তাদের মতে তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করা গেলে নারী হকিতে একটি শক্তিশালী খেলোয়াড়ভিত্তি গড়ে তোলা সম্ভব।

ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণী খেলোয়াড়দের হকির মৌলিক বিষয়, কারিগরি দক্ষতা ও খেলাটির প্রয়োজনীয় কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি মাঠে নিজেদের সক্ষমতা প্রকাশ, দলীয় সমন্বয় এবং আত্মবিশ্বাস বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। অল্প দিনের প্রশিক্ষণেই অংশগ্রহণকারী মেয়েদের দক্ষতা ও আগ্রহে যে উন্নতি দেখা গেছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকরা।

সমাপনী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ম্যাচ। প্রশিক্ষণ শেষে মাঠে তরুণী খেলোয়াড়দের পারফরম্যান্সে ছিল প্রাণচাঞ্চল্য। ম্যাচের মধ্য দিয়ে তারা প্রশিক্ষণে শেখা বিভিন্ন কৌশল ও দক্ষতা প্রয়োগের সুযোগ পান। আয়োজকদের প্রত্যাশা এই কর্মসূচিতে অংশ নেওয়া খেলোয়াড়দের অনেকেই ভবিষ্যতে সিলেট তথা দেশের নারী হকিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী হকির উন্নয়নে শুধু জাতীয় পর্যায়ে দল গঠন করাই যথেষ্ট নয়; বরং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খেলাটিকে ছড়িয়ে দিয়ে নিয়মিত প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও প্রতিভা অন্বেষণের ব্যবস্থা করতে হবে। সেই ধারাবাহিকতায় এ ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভবিষ্যতের খেলোয়াড় তৈরির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

সিলেটের মতো দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা গেলে নারী হকিতে অংশগ্রহণের পরিধি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৃণমূলের মেয়েদের হাতে স্টিক তুলে দেওয়ার পাশাপাশি তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই হতে পারে নারী হকির ভবিষ্যৎ শক্তি গড়ে তোলার অন্যতম পথ।

Rent for add