নিজস্ব প্রতিবেদক : ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৫:০৮:৪৭

আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের জলন্ধরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে ১৪ অক্টোবর বাংলাদেশ হকি ফেডারেশন ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়রা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ক্যাম্পে রিপোর্ট করেছেন।
আগামীকাল ১৫ অক্টোবর সকাল সাড়ে ৬টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের প্রথম আনুষ্ঠানিক অন-ফিল্ড অনুশীলন সেশন। শুরুতে দেশীয় কোচ শহীদুল্লাহ টিটুর তত্ত্বাবধানে নিবিড় অনুশীলনে নামবেন খেলোয়াড়রা। পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন বিদেশি কোচ। আগামী শুক্রবারের মধ্যে জার্মান কোচ গেরহার্ডের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।
দলের ক্যাম্পে রিপোর্টিং ও আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। তিনি বলেন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে বাংলাদেশের খেলার সুযোগ পাওয়া আমাদের হকির জন্য অত্যন্ত ইতিবাচক ও আনন্দের বিষয়। এর মাধ্যমে আমাদের খেলোয়াড়রা এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণে যে বড় ব্যবধান তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে ঘুচে যাচ্ছে। এই টুর্নামেন্ট আমাদের খেলোয়াড়দের মানসম্মত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দেবে।
তিনি আরও বলেন, শীর্ষ দলগুলোর মুখোমুখি হয়ে আমাদের খেলোয়াড়রা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা মাঠের পারফরম্যান্স ও খেলার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিজেদের সামর্থ্য ও শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও উন্নতির লক্ষ্য নিয়েই বাংলাদেশ দল এই টুর্নামেন্টে লড়াই করতে যাচ্ছে।
এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাবে বাংলাদেশ। সেই লক্ষ্য সামনে রেখেই নিবিড় অনুশীলন ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছে দল।
Rent for add