নিজস্ব প্রতিবেদক : ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০:১৩:২৩

প্রথম বিভাগ হকি লিগে জয় পেয়েছে ওয়ান্ডারার্স ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ১২ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ওয়ান্ডারার্স ৩–২ গোলে পিডব্লিউডিকে হারায়। দিনের দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ ১–০ গোলে পরাজিত করে ওয়ারী ক্লাবকে।
পিডব্লিউডির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে ওয়ান্ডারার্স। ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জন। তবে ১৫ মিনিটে পিডব্লিউডির শুভ ফিল্ড গোল করে সমতা ফেরালে প্রথমার্ধের লড়াই জমে ওঠে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ব্যবধান গড়ে তোলে ওয়ান্ডারার্স। ৩৫ মিনিটে নূর আলমের ফিল্ড গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পাঁচ মিনিট পর ইয়ামিনের ফিল্ড গোলে ব্যবধান ৩–১ হয়। শেষ মুহূর্তে, ৫৯ মিনিটে পিডব্লিউডির তারেক গোল করে ব্যবধান কমিয়ে ৩–২ করেন। তবে সমতায় ফেরা হয়নি পিডব্লিউডির। শেষ পর্যন্ত ৩–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ান্ডারার্স।
দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাবের বিপক্ষে শুরু থেকেই সতর্ক ও কৌশলী হকি খেলে ফরাশগঞ্জ। দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথম তিন কোয়ার্টারে কোনো গোল হয়নি। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শেষ কোয়ার্টারে।
খেলার ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ফরাশগঞ্জকে এগিয়ে দেন আব্দুল্লাহ জারিফ। ম্যাচের বাকি সময়ে গোল শোধের চেষ্টা করেও সফল হয়নি ওয়ারী। ফলে জারিফের ওই একমাত্র গোলেই ১–০ ব্যবধানের জয় নিশ্চিত করে ফরাশগঞ্জ।
Rent for add