নিজস্ব প্রতিবেদক : ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৯:১৩:১২

চীনের ইনার মঙ্গোলিয়ার মকি শহরে এশিয়ান কাপ জুনিয়র হকি টুর্নামেন্টের চ্যালেঞ্জার্স গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নাকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চার ম্যাচে চার জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার্স গ্রুপের সেরা দল হিসেবে আসর শেষ করেছে তারা।
ম্যাচের শুরু থেকেই হংকং চায়নার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে বাঘিনীরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৯ মিনিটে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।
গোলের পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ২৬ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের দল। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। ৩১ মিনিটে লিমার গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। মাত্র দুই মিনিট পর ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান আইরিন আক্তার রিয়া। তার গোলে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়ায় ৫-০।
শেষ পর্যন্ত হংকং চায়নার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লিমা। ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোলটি করেন তিনি। এরপর আর কোনো গোল না হওয়ায় ৬-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এ জয়ের মধ্য দিয়ে চ্যালেঞ্জার্স গ্রুপে শতভাগ জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে লাল-সবুজের মেয়েরা নিজেদের সামর্থ্যের জানান দেওয়ার পাশাপাশি বাংলাদেশের নারী জুনিয়র হকির ভবিষ্যৎ নিয়েও তৈরি করেছে নতুন আশার আলো।
Rent for add