• ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

জয়ের স্বপ্ন ভেঙে আবারও পরাজয়ের বেদনা

জয়ের আশায় মাঠে নেমেও শেষ পর্যন্ত পরাজয়ের বৃত্ত ভাঙতে পারল না বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপে স্বাগতিক চীনের পর এবার শক্তিশালী মালয়েশিয়ার কাছেও হারল লাল-সবুজের প্রতিনিধিরা। আজ রোববার (৬ সেপ্টেম্বর) চীনের মকি শহরে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে ৩-২ ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘পুল বি’-র দ্বিতীয় ম্যাচেও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে বাংলাদেশ। তবে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে বেশ কিছু সময় ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল-সবুজের দল।

প্রথম কোয়ার্টারে দুই দলই অনেকটা সতর্ক ও রক্ষণাত্মক কৌশলে খেলায় গোলের দেখা মেলেনি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ১৫ মিনিট।

দ্বিতীয় কোয়ার্টারে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মালয়েশিয়া। আক্রমণের ধার বাড়িয়ে একপর্যায়ে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে তারা। এর মধ্যেই দুই গোল আদায় করে নেয় মালয়েশিয়া। তবে ২৪তম মিনিটে মো. আবদুল্লাহর গোলে ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের। বিরতিতে ২-১ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

তৃতীয় কোয়ার্টারে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আক্রমণে গতি বাড়িয়ে মালয়েশিয়ার রক্ষণে একের পর এক চাপ তৈরি করতে থাকে তারা। তারই ধারাবাহিকতায় ৩৩তম মিনিটে মাহাদি হাসান ওভির গোলে সমতা ফেরায় বাংলাদেশ। ২-২ গোলে জমে ওঠে ম্যাচ।

সমতায় ফেরার পর জয়ের স্বপ্নও দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু শেষ কোয়ার্টারে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। ম্যাচের শেষ ১৫ মিনিটে আরও দুটি গোল করে মালয়েশিয়া। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

ফলে টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। চীনের কাছে ৩-২ এবং মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হার—দুই ম্যাচে লড়াইয়ের ছাপ থাকলেও কাঙ্ক্ষিত ফল পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এখন পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করাই হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য।

Rent for add