নিজস্ব প্রতিবেদক : ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৭:২৭:৪০

ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে আজ ৪ সেপ্টেম্বর জুনিয়র এশিয়া কাপ হকির ‘পুল বি’-এর রোমাঞ্চকর ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। পুরো ম্যাচজুড়েই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত অল্পের জন্য জয়বঞ্চিত হয় বাংলাদেশের যুবারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ গোলের সমতায়। দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন জনি ইসলাম ও মেহেদী হাসান অভি।
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় স্বাগতিক চীন। তৃতীয় কোয়ার্টারে বেশ কিছু আক্রমণ গড়ে বাংলাদেশকে চাপে রাখে তারা। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ২-২ সমতায় ফেরে চীন।
শেষ কোয়ার্টারে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৫৩ মিনিটে একটি ফিল্ড গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত বাংলাদেশের সব প্রচেষ্টা রুখে দিয়ে জয় নিশ্চিত করে চীন।
ম্যাচে হারলেও পুরো খেলায় বাংলাদেশের যুবারা দেখিয়েছে দুর্দান্ত লড়াকু মানসিকতা। স্বাগতিকদের বিপক্ষে সমানতালে লড়াই করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। ফল নিজেদের পক্ষে না এলেও বাংলাদেশের খেলোয়াড়দের ফাইটিং স্পিরিট ও নৈপুণ্য গ্যালারির দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
Rent for add