নিজস্ব প্রতিবেদক : ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭:৪০:১৩

জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে ছুটছে বাংলাদেশের মেয়েরা। চীনের ইনার মঙ্গোলিয়ায় ‘চ্যালেঞ্জার পুল’-এর ম্যাচে আজ ৮ সেপ্টেম্বর কাজাখস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। একই সঙ্গে ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। শুরুতেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে এর সুফলও পেয়ে যায় তারা। ম্যাচের মাত্র ৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শারিকা রিমন। ১৪ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। ফলে প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ২-০ গোলের লিডে।
বিরতির পরও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ম্যাচের ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন জাকিয়া আফরোজ লিমা। এরপর ৫১ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক শারিকা রিমন। তার দ্বিতীয় গোলেই কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৪-০ ব্যবধানে।
শক্তিশালী রক্ষণভাগের দৃঢ়তা এবং আক্রমণভাগের ধারালো পারফরম্যান্সে পুরো ম্যাচেই কাজাখস্তানকে কোণঠাসা করে রাখে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষকে গোলের তেমন কোনো সুযোগই দেয়নি তারা। চাইনিজ তাইপেকে ৭-০ ও পাকিস্তানকে ৫-১ গোলে হারানোর পর কাজাখস্তানের বিপক্ষেও বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল ৯ সেপ্টেম্বর হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই এখন বাংলাদেশের লক্ষ্য।
Rent for add