মোরসালিন আহমেদ : ৮ আগস্ট ২০২৫, শুক্রবার, ২২:১৭:৩৯

হকির ছোট্ট ক্যারিয়ারে যে ছেলেটি মওলানা ভাসানী স্টেডিয়ামও ঠিকমতো চেনেন না, সেই ছেলেটিই চীনের দাহুজ শহর মাতিয়ে এলেন। শুধু যুব এশিয়া কাপ মাতিয়েই এলেন না, সেই সঙ্গে আগমণী বার্তাও দিয়ে এলেন এশিয়ান হকিতে আমিও উঠে আসছি। অভিষেক টুর্নামেন্টে দারুণ সারা জাগানিয়া পারফরম্যান্স দেখিয়ে যেমন সবার নজর কেড়েছেন, ঠিক তেমননি হ্যাটট্রিকসহ ৮ গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছিলেন। এতোক্ষণ ধরে যার এমন বর্ণনা দিয়ে আসছিলাম তিনি হলেন চট্টগ্রাম হাটহাজারীর ছেলে মো. ইসমাইল হোসেন। পারিবারিকভাবে সবাই তাঁকে বাবু নামে চেনলেও হকি আঙিনায় তিনি ইসমাইল নামেই বেশি পরিচিত।
প্রথমবারের মতো এ বছর অনূর্ধ্ব-১৮ দলে সুযোগ পেয়ে যেভাবে নিজেকে আন্তর্জাতিক পরিসরে মেলে ধরেছিলেন তারই প্রতিদান হিসেবে আসন্ন যুব বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক ক্যাম্পেও জায়গা করে নিয়েছেন। তবে ১৭ বছর বয়সী এ উদীয়মান তারকা বয়সভিত্তিক আসর উতরিয়ে দ্রুতসময়ের মধ্যে জাতীয় দলের হয়ে খেলতে চান।
ইসমাইল এক প্রশ্নে বলেন, ১৩ বছর বয়সে হকির সঙ্গে আমার সখ্য গড়ে উঠে। স্থানীয় কোচ আজিম উদ্দীন ছোটন স্যারের কাছে খেলা শেখা শুরু করি। ক্যাম্পাস হকি একাডেমিতে অনুশীলন করতাম। সবার মতো আমারও স্বপ্ন ছিল বিকেএসপিতে ভর্তি হব। কিন্তু কিভাবে ভর্তি হব, তা জানা ছিল না। বিকেএসপিতে অধ্যায়নরত পারভেজ নামে এক বড় ভাইয়ের কাছে বিস্তারিত জেনে আসার পর আত্মবিশ্বাস জন্মালো। ট্রায়ালের জন্য নিজেকে তৈরি করতে শুরু করলাম। একসময় সেখানে ট্রায়ালও দিলাম। ভর্তি হওয়ার সুযোগ পেলাম।
চট্টগ্রাম থেকে ২০২১ সালে বিকেএসপিতে চলে এলাম। শুরুতে তো কিছুই পারতাম না। তবে দেশবরেণ্য কোচদের সান্নিধ্য পেয়ে ধীরে ধীরে হকির কলাকৌশল রপ্ত করতে শেখলাম। টুকটাক খেলারও সুযোগ পেতাম। এভাবে একটু আর্ধটু করে আমার এগিয়ে চলা। অপর প্রশ্নে ইসমাইল বলেন, এ বছর প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ ক্যাম্পে ডাক পেলাম। ট্রায়ালে ভালো করলাম। মূল দলে সুযোগ হল। জুন-জুলাই মাসে চীনে এশিয়া কাপ খেলতে গেলাম। সেখানে ৬ ম্যাচে হ্যাটট্রিকসহ ৮ গোল করলাম। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছি। স্বাগতিক চীনের সঙ্গে দু’টি গোল করার পাশাপাশি ম্যাচসেরার পুরস্কার পেয়েছি। পাকিস্তানের সঙ্গেও ২টি গোল পেয়েছি। জাপানের সঙ্গে এক গোল করেছি।
ইসমাইল জানান, অনূর্ধ্ব-১৮ দলে ভালো করায় যুব বিশ্বকাপ ক্যাম্পে ডাক পেয়েছি। পারফরম্যান্স ধরে রেখে এখানেও উর্ত্তীণ হতে চাই। আমার স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলা। সেই স্বপ্নপূরণে পড়াশোনার পাশাপাশি কঠোর অনুশীলন করে যাচ্ছি। যদিও ঘরোয়া লিগে তাঁর অভিষেক হয়নি। তবে যুব এশিয়া কাপ খেলে আসার পর ঢাকার ক্লাবগুলো তাঁকে দলে ভেড়াতে এখন আগ্রহ দেখাচ্ছে।
এদিকে জাতীয় অনূর্ধ্ব-১৮ দল ও বিকেএসপি কোচ মওদুদুর রহমান শুভ বলেন, ইসমাইলের অভিষেক অনেকটা স্বপ্নের মতো। এ বছর বয়সভিত্তিক প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিল। দুর্দান্ত নৈপুণ্যে দেখিয়ে দলে জায়গাও পেয়েছিল। শুধু তাই নয়, চীনে গিয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন। অসাধারণ পারফরম্যান্সের কারণে এখন যুব বিশ্বকাপের ক্যাম্পে ডাক পেয়েছেন। আমার ধারণা হয়ত অল্পসময়ের মধ্যে জাতীয় দলেও জায়গা করে নেবে। সৌজন্যে: পাক্ষিক ক্রীড়াজগত, ১ আগস্ট ২০২৫
Rent for add