• ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

হারের বৃত্তে বাংলাদেশ, চার ম্যাচে ২৫ গোল হজম

দক্ষিণ কোরিয়া ৫-০ বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। ভারতের কাছে ১৩ গোলের লজ্জার পর জাপানের বিপক্ষে এক গোলের ব্যবধানে হার। এরপর মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে পরাজয়। এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল লাল-সবুজের প্রতিনিধিরা। চার ম্যাচে টানা পরাজয়ের পাশাপাশি প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছে মাত্র একবার। বিপরীতে গোল হজম করেছে ২৫টি।

পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ১ নভেম্বর নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে এগিয়ে যায় কোরিয়ানরা। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় তারা।

বিরতির পরও কোরিয়ানদের আক্রমণাত্মক মেজাজে কোনো ভাটা পড়েনি। তৃতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে জয়ের পথ অনেকটাই নিশ্চিত করে ফেলে তারা। চতুর্থ ও শেষ কোয়ার্টারে পঞ্চম গোলটি আদায় করে নিয়ে ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

চার ম্যাচে বাংলাদেশের গোল হজমের সংখ্যা দাঁড়িয়েছে ২৫। বিপরীতে গোল করতে পেরেছে মাত্র একটি। টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের খোঁজে আগামীকাল ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।

Rent for add