নিজস্ব প্রতিবেদক : ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২১:৩৯:৪৪

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হারের বৃত্ত যেন বড় হচ্ছে। ভারতের কাছে ১৩ গোলের লজ্জার পর জাপানের বিপক্ষে এক গোলের ব্যবধানে হার। এবার মালয়েশিয়ার কাছেও বড় ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশ। আজ পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মালয়েশিয়া। প্রথম কোয়ার্টারের ১৪ মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন আবু কামাল আজরাই। দ্বিতীয় কোয়ার্টারের ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরার আশা দেখান আমিরুল ইসলাম। তবে তিন মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে গোল করে মালয়েশিয়ার ব্যবধান ৩-১ করেন আখিমুল্লাহ আনুয়ার।
তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আজিমুদ্দিন কামারউদ্দিনের গোলে ব্যবধান ৪-১ করে মালয়েশিয়া। পরের মিনিটেই শেলো সিলভেরিয়াসের দারুণ ফিল্ড গোলে ব্যবধান দাঁড়ায় ৫-১।
শেষ কোয়ার্টারেও মালয়েশিয়ার আক্রমণ সামাল দিতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে মালয়েশিয়ার ৬-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আইমান রোজেমি।
এ নিয়ে টানা তিন ম্যাচে হারল বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। এবার মালয়েশিয়ার কাছে বড় পরাজয়।
বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ দক্ষিণ কোরিয়া ও চীনের বিপক্ষে। আগামী ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
Rent for add