নিজস্ব প্রতিবেদক : ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১৯:৩৯:৫৫

নাজমুস সাবিতের হ্যাটট্রিকে প্রথম বিভাগ হকি লিগে দুর্দান্ত জয় পেয়েছে হকি ঢাকা ইউনাইটেড। ১৬ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওয়ান্ডারার্স ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হকিতে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে ইউনাইটেড।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক হকি খেলতে থাকে। সপ্তম মিনিটে ফিল্ড গোল করে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন আউসাফ। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। রাজীব দাসের ফিল্ড গোলে সমতায় ফেরে তারা। ফলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধার বাড়ায় ইউনাইটেড। ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল আলম। তবে পাঁচ মিনিট পরই সাকিবের গোলে আবারও সমতায় ফেরে ওয়ান্ডারার্স। ম্যাচের স্কোর দাঁড়ায় ২-২।
এরপরই শুরু হয় ইউনাইটেডের গোল উৎসব। ৪২ মিনিটে মো. রিফাতের গোলে আবারও লিড নেয় দলটি। এরপর নাজমুস সাবিতের হ্যাটট্রিকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ইউনাইটেড। ৫০ মিনিটে দলের পক্ষে আরেকটি গোল করেন অনিপন মালকার। ম্যাচের শেষ দিকে সাকিবের দ্বিতীয় গোল ওয়ান্ডারার্সের পরাজয়ের ব্যবধান কিছুটা কমায়।
শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে দুর্দান্ত আক্রমণাত্মক পারফরম্যান্সে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ইউনাইটেড।
Rent for add