নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট ২০২৬, বুধবার, ১৮:৩০:২৯

বাংলাদেশ হকি ফেডারেশনের নবনিযুক্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক দায়িত্ব গ্রহণের পর দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্লাবটির ডিরেক্টর ইন-চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বৈঠকে দেশের হকির সার্বিক উন্নয়ন, ঘরোয়া হকি লিগ নিয়মিত আয়োজন, তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তৈরি এবং ক্লাবভিত্তিক হকির বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের হকিকে এগিয়ে নিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর সক্রিয় ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ইশতিয়াক সাদেক।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, দেশের হকির উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে অন্যান্য ক্লাবও পরিদর্শন করবেন তিনি। ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে ঘরোয়া হকির কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দেশের হকির উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের সব ধরনের কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। উভয় পক্ষই পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দেশের হকিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন।
Rent for add