নিজস্ব প্রতিবেদক : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০:০৫:১৫

এশিয়ান গেমসে পুরুষ হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। সোমবার জিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের দল।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। প্রথম কোয়ার্টারে একটি গোল করে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে ব্যবধান বাড়াতে থাকে তারা। বিরতিতে যাওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।
দ্বিতীয়ার্ধেও বদলায়নি চিত্র। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ভারতের ধারালো আক্রমণের সামনে বাংলাদেশের রক্ষণভাগকে বারবার অসহায় দেখিয়েছে। একের পর এক গোল হজম করে শেষ পর্যন্ত ১০-০ ব্যবধানের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
ভারতের হয়ে ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সূচনা করেন অভিষেক। এরপর ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-০ করেন জুগরাজ সিং। ২৭ মিনিটে গোলের তালিকায় নাম লেখান হারমানপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টারে আরও ভয়ংকর হয়ে ওঠে ভারত। ৩২ মিনিটে সুখজিত সিং গোল করার পর ৪০ ও ৪৫ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রীত।
৪৪ ও ৪৫ মিনিটে পরপর দুটি গোল করেন শিলানন্দ লাকরা। শেষ কোয়ার্টারে ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সঞ্জয় এবং ৬০ মিনিটে মানদীপ সিং গোল করলে ভারতের জয় পূর্ণতা পায় ১০-০ ব্যবধানে।
বাংলাদেশের হয়ে ম্যাচের ৩৬ মিনিটে হলুদ কার্ড দেখেন রোমান সরকার। পুরো ম্যাচে ভারত যেখানে ছিল আক্রমণাত্মক ও ছন্দময়, সেখানে বাংলাদেশের খেলায় ছিল প্রতিরোধের ঘাটতি। ভারতের দ্রুত পাসিং, আক্রমণের বৈচিত্র্য ও পেনাল্টি কর্নারের কার্যকর ব্যবহার সামাল দিতে পারেনি বাংলাদেশের রক্ষণ।
গ্রুপ পর্বে বাংলাদেশের শুরুটাও হয়েছিল হার দিয়ে। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হারার পর জাপানের বিপক্ষে ৬-১ গোলে পরাজিত হয় তারা। তবে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দুটি জয় তুলে নেয় বাংলাদেশ।
কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে শক্তির পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।
Rent for add