নিজস্ব প্রতিবেদক : ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ৫:৪২:৫৬

বাংলাদেশের ৫৪ জন হকি খেলোয়াড় এক সঙ্গে অবস্থান করবেন চীনে। এরমধ্যে জাতীয় দলের ১৮ খেলোয়াড় এবং অনূর্ধ্ব-২০ ছেলে ও মেয়ে ৩৬ খেলোয়াড়। তিনটি দলের লক্ষ্য তিন রকম। জাতীয় দল চীনের তানজিং শহরে যাবে এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে এবং অনূর্ধ্ব-২০ ছেলে ও মেয়েদের দল যাবে জুনিয়ার এশিয়া কাপ খেলতে দেশটির মকিতে।
জুনিয়র দুটি দলই চীন চলে যাচ্ছে আগামীকাল (শনিবার) রাত পৌনে দশটায়। জাতীয় দলের যাওয়ার কথা ২ সেপ্টেম্বর দুপুরে। টিকিটসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও জাতীয় দল এখনো ভিসা পায়নি। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেছেন, ‘সোমবারের মধ্যে ভিসা হয়ে যাবে।’ জাতীয় দল অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ শেষ করে দেশে ফিরবে ১২ সেপ্টেম্বর।
তানজিংয়ে জাতীয় হকি দল কন্ডিশনিং ক্যাম্প ও পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি ম্যাচ বাংলাদেশ খেলবে চীন জাতীয় দলের বিপক্ষে। এই তিন ম্যাচ হবে আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন। অন্য দুটি প্রস্তুতি ম্যাচ প্রাদেশিক দলের বিপক্ষে।
জাতীয় দলের ১৮ খেলোয়াড়ের সাথে চীন সফরে কোচসহ পাঁচ অফিসিয়াল। জাতীয় দলের নেতৃত্বে দেবেন ফেডারেশনের সহসভাপতি সাজেদ এএ আদেল। ম্যানেজার আরিফুল হক প্রিন্স, সহকারী ম্যানেজার মিজানুর রহমান ডন ও কোচ পিটার গেরহার্ড।
Rent for add