• ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

মেন্টাল পারফরম্যান্স ওয়ার্কশপ

বাংলাদেশ হকিকে আন্তর্জাতিক পর্যায়ে আরো প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যে এবার খেলোয়াড়দের মানসিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সেই ধারাবাহিকতায় রাজধানীর মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘ট্রেইন ইউর মাইন্ড’ মেন্টাল পারফরম্যান্স ওয়ার্কশপ।

আধুনিক ক্রীড়াবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় স্পোর্টস সাইকোলজিকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালার মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের মানসিক দক্ষতা, আত্মবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক মনোভাব আরও দৃঢ় করে তোলা। বিশেষ করে মাঠে চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া, মনোযোগ ধরে রাখা, আবেগ নিয়ন্ত্রণ, ব্যর্থতা থেকে দ্রুত ফিরে আসা এবং জয়ী হওয়ার মানসিকতা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন স্লোগান ‘স্বপ্ন নয়, এবার ইতিহাস’ কে সামনে রেখে আয়োজিত এই কর্মশালাকে জাতীয় হকির উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের বিশ্বাস, আন্তর্জাতিক অঙ্গনে সফল হতে কেবল শারীরিক সক্ষমতা বা কারিগরি দক্ষতাই যথেষ্ট নয়; প্রয়োজন দৃঢ় মানসিক প্রস্তুতি ও ইতিবাচক মনস্তাত্ত্বিক অবস্থান। সেই বাস্তবতা থেকেই এই বিশেষ কর্মসূচির আয়োজন।

ওয়ার্কশপে প্রশিক্ষক ও বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন দেশের অভিজ্ঞ ফ্রিল্যান্স কনসালটেন্ট ও মনস্তত্ত্ববিদরা। লিড ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন ফ্রিল্যান্স কনসালটেন্ট আরিফ সিদ্দিকী। তাঁর সঙ্গে অ্যাসোসিয়েট ট্রেইনার হিসেবে ছিলেন মোহাম্মদ হানিফ। পাশাপাশি খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য, চাপ মোকাবিলা এবং মনস্তাত্ত্বিক প্রস্তুতির বিষয়গুলো তদারকি করেন ‘প্রত্যয়’ এর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জান্নাতুল ফেরদৌস।

কর্মশালাজুড়ে খেলোয়াড়দের জন্য তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক অনুশীলন, মানসিক প্রস্তুতির কৌশল এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতি মোকাবিলার বাস্তবধর্মী দিকনির্দেশনা তুলে ধরা হয়। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে মানসিক শক্তির গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয় এবং আত্মবিশ্বাস ধরে রেখে ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করার নানা কৌশল শেখানো হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের প্রত্যাশা, এই উদ্যোগ খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি জাতীয় দলের সামগ্রিক সাফল্যেও ইতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক টুর্নামেন্টে কঠিন প্রতিপক্ষ ও উচ্চচাপের পরিস্থিতিতে মানসিক দৃঢ়তা ধরে রেখে সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শনে এই কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Rent for add